নাক ও কান ফোঁড়ানোর পর কারো কারো কিছু সমস্যা হতে দেখা যায়। কিছু সতর্কতা মানলে এই সমস্যা পোহাতে হয় না। রেড বিউটি পার্লারের স্বত্বাধিকারী ও রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীনের সঙ্গে কথা বলে লিখেছেন মোনালিসা মেহরিন
ছোট থেকে বড় সব বয়সী মেয়েরা গয়না পরতে পছন্দ করে। মেয়েদের গয়না পরার শখ পূরণের প্রথম ধাপ নাক বা কান ফোঁড়ানো।সুই ও সুতার জায়গায় যোগ হয়েছে নাক-কান ফোঁড়ানোর আধুনিক যন্ত্র। এতে নাক-কান ফোঁড়ানোর হ্যাপাও অনেক কমে গেছে। তার পরও একটু অসতর্কতায় বিপত্তি ঘটতে পারে। বিশেষ করে নাক-কান ফোঁড়ানোর আগে-পরের ধাপগুলোতে ভুল করা যাবে না।
নাক-কান ফোঁড়ানোর পর যেসব সমস্যা হতে পারে
১। নাক বা কান ফুলে যাওয়া
২। স্থানটিতে ঘা তৈরি হওয়া
৩। পুঁজ বের হওয়া বা ঝরা
৪। ফুটোর স্থানটি শক্ত হয়ে যাওয়া
৫। চুলকানি হওয়া
নাক-কান ফোঁড়ানোর পরে
ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. লুনা পারভীন জানালেন, কান ফোঁড়ানোর নির্দিষ্ট বয়স নেই। কিন্তু কান ফোঁড়ানো উচিত এমন বয়সে, যখন শিশু নিজে বিষয়টি সামলাতে পারবে। তা না হলে কানের দুল ধরে টানাটানি করে বা হাতের ঘষায় ঘা তৈরি করে ফেলতে পারে। পরিষ্কার–পরিচ্ছন্ন পরিবেশে, জীবাণুমুক্ত উপায়ে সাবধানতার সঙ্গে কান ফোঁড়ানো উচিত। কান ফোঁড়ানোর পর সেরে ওঠার জন্য কমপক্ষে সাত দিন সময় দিতে হবে।
তবে ক্ষতস্থান সব সময় পরিষ্কার রাখতে হবে, ভিজতে দেওয়া যাবে না। জীবাণুনাশক ক্রিমগুলো লাগানো যেতে পারে। কানে বারবার হাত দেওয়া যাবে না। কানের দুল সোনার হলে ভালো। অসাবধানে আঘাত যেন না লাগে, খেয়াল রাখুন। খেলার সময় শিশুকে বারবার মনে করিয়ে দিতে হবে। পানি, শাকসবজি, ভিটামিন সি–জাতীয় খাবার, ফলের রসসহ পুষ্টিকর খাবার খেতে দিন এ সময়।
অনেকের নাক বা কান ফোঁড়ানোর পর গয়না পরলে স্থানটিতে অ্যালার্জি বা চুলকানির সমস্যা হতে পারে। এ জন্য প্রথম সাত দিন অ্যালার্জির সংক্রমণ হতে পারে এমন কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। ভিটামিন ‘সি’যুক্ত খাবার বেশি খেতে হবে। গয়না পরলে যদি চুলকানি বা অ্যালার্জি হয়, তবে গয়নাটি বদলাতে হবে। অথবা ছোট্ট কাঠি পরিয়ে রাখা যেতে পারে। নইলে ছিদ্রটি বন্ধ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে পুনরায় নাক-কান ফোঁড়াতে হবে। নাক বা কান ফোঁড়ানোর স্থানটি পুরোপুরি শুকিয়ে গেলে তখন সোনার গয়না পরতে হবে। ছিদ্রের স্থানটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরও গয়না পরলে যদি অ্যালার্জি বা চুলকানি হয়, তবে চিকিত্সকের পরামর্শে ওষুধ সেবন করতে হবে।
