মাশরুম কি
মাশরুম (Mushroom) এক ধরনের উপকারী ছত্রাকজাতীয় উদ্ভিদ। উদ্ভিদ হলেও অন্যান্য উদ্ভিদের মতো মাশরুমের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরির জন্য সূর্য থেকে আলোর প্রয়োজন পড়ে না। আমাদের দেশে মাশরুম ব্যাঙের ছাতা নামে বেশি পরিচিত। একে আমরা সবজি হিসেবে খেয়ে থাকি।
সুস্বাদু ও উপকারী সবজি মাশরুম। এটি জায়গা করে নিয়েছে অনেকেরই পছন্দের তালিকায়। মাশরুমে পাওয়া যায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল, প্রোটিন, অ্যামাইনো এসিড ও অ্যান্টিবায়োটিক। মাশরুম রান্না করে, সালাদ কিংবা স্যুপ তৈরি করেও খাওয়া যায়।
মাশরুম এর উপকারিতা
ওজন নিয়ন্ত্রণে করে
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে মাশরুম। এতে আছে পর্যাপ্ত ফাইবার যা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। ফলে বার বার ক্ষুধা অনুভব হয় না। কম খাবার গ্রহণ মানে ওজনও নিয়ন্ত্রণে থাকা। যারা ওজন কমাতে এবং পেশীবহুল শরীর পেতে চান তারা খাদ্য তালিকায় মাশরুম রাখুন। ফ্যাট সমৃদ্ধ মাংসের বদলে মাশরুম খাওয়া বেশি উপকারী।
ডায়বেটিস
ডায়বেটিসে মাশরুম হচ্ছে খুবই কম ক্যালরির একটি আদর্শ খাদ্য। মাশরুমে নেই কোনো চর্বি ও কোলেস্টেরল, খুবই কম কার্বোহাইড্রেট, প্রচুর প্রোটিন, ভিটামিন এবং মিনারেলস, প্রচুর পানি এবং ফাইবার। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো মাশরুমে রয়েছে প্রাকৃতিক ইনসুলিন এবং এনজাইম যা রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে। মাশরুমে বিভিন্ন রাসায়নিক বস্তু রয়েছে যেগুলো লিভার, অগ্নাশয় এবং অন্যান্য গ্রন্থিকে সক্রিয় করে, যা শরীরে ইনসুলিন তৈরি এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করে। এছাড়াও মাশরুম বিভিন্ন এন্টিবায়োটিক সমৃদ্ধ যা ডায়বেটিস রোগীদের বিভন্ন জীবাণু সংক্রমণ প্রতিহত করে।
হাড় শক্তিশালী করে
হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে মাশরুম। এতে আছে প্রচুর ক্যালসিয়াম। যে কারণে নিয়মিত মাশুরম খেলে তা আমাদের দাঁত ও হাড়ের শক্তি বাড়াতে কাজ করে। মাশরুম খেলে তা বাতের ব্যথা কমাতেও সাহায্য করে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে পারেন উপকারী এই সবজি।
সুস্থ রাখে ত্বক
সুস্থ ত্বক পেতে চাইলে নিয়মিত মাশরুম খান। এতে আছে প্রচুর রিবোফ্লাবিন ও নিয়াসিন। এতে পানির পরিমাণ প্রায় ৮০-৯০ শতাংশ। যে কারণে নিয়মিত মাশরুম খেলে তা ত্বককে ভেতর থেকে নরম, কোমল ও সজীব রাখে।
হজমে সহায়তা করে
হজমশক্তি ভালো রাখতে কাজ করে মাশরুম। এতে আছে প্রয়োজনীয় ফাইবার ও এনজাইম যা হজম ভালো রাখতে কাজ করে। এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বাড়িয়ে তোলে। সেইসঙ্গে কোলনের পুষ্টি উপাদান শোষণও বাড়াতে সাহায্য করে। তাই নিয়মিত মাশরুম খেলে বাড়ে হজমশক্তি।
অ্যান্টিঅক্সিডেন্ট
আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদানের নাম হলো অ্যান্টিঅক্সিডেন্ট। মাশরুমে আছে পলিফেনল ও সেলেনিয়াম নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে নানাভাবে ভালো রাখতে সাহায্য করে। এই প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রোক, স্নায়ুতন্ত্রের রোগ ও ক্যান্সারের মতো মারাত্মক অসুখ থেকে বাঁচতে সহায়তা করে।
রক্তের কোলেস্টেরল
মাশরুম আপনাকে দেবে বিশুদ্ধ হালকা প্রোটিন। কারণ এটি কোলেস্টেরলমুক্ত এবং এতে কার্বোহাড্রেটের পরিমাণও কম। এর ফাইবার এবং বিভিন্ন এনজাইম রক্তে কোলেস্টেরলের মাত্র কমাতে সাহায্য করে। মাশরুমের প্রোটিন পরিপাকের সময় কোলেস্টেরল দূর করতে সাহায্য করে।
